জামালগঞ্জে ১১ দলীয় নেতৃবৃন্দের সাথে জামায়াত প্রার্থী তোফায়েল খানের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ৮:২৭:৫৪ অপরাহ্ন

জামালগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী তোফায়েল আহমদ খান জামালগঞ্জে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সভায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত ঐক্য ও সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।
রোববার জামালগঞ্জ উপজেলার নতুন পাড়ায় অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান। জামালগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি তোফাজ্জল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী রশীদ আহমদ, সহ-সভাপতি মাওলানা মো. রিয়াজ উদ্দিন, সেক্রেটারি মাওলানা আলী আকবর, এনসিপি সুনামগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক হাসান আল মাসুম, খেলাফত মজলিস নেতা গোলাম রব্বানী, শ্রমিক মজলিসের সভাপতি আবুল হোসেন, ইমরুল হাসানসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ। এ সময় দলীয় ও ১১ দলীয় জোট নেতৃবৃন্দ সহ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমদ খান বলেন, আমি সবাইকে নিয়েই কাজ করতে চাই এবং সবার সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আগামী দিনের ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যে গণজোয়ার তৈরি হয়েছে, তা আমাদের সবাই মিলে ধরে রাখতে হবে। মতবিনিময় সভা শেষে ১২ দলীয় নেতৃবৃন্দ উপজেলা সদরের প্রধান সড়কে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে মিছিল করেন।





