মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে প্রফেশনাল কোর্স চালু হচ্ছে
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ৯:১৯:৩০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত সারাদেশের ফাজিল ও কামিল মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এক বছর মেয়াদি প্রফেশনাল বিএমএড (ব্যাচেলর অব মাদ্রাসা এডুকেশন) এবং এমএমএড (মাস্টার্স অব মাদ্রাসা এডুকেশন) কোর্স চালুর সিদ্ধান্ত হয়েছে। গতকাল রোববার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ জানুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৪০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই প্রফেশনাল কোর্স দুটি চালুর মাধ্যমে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বিশেষায়িত উচ্চতর প্রশিক্ষণের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভিসি প্রফেসর শামছুল আলম বলেন, পেশাগত উন্নয়নের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, যোগ্যতা বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যেই এই প্রফেশনাল কোর্স দুটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হবেন।





