২৪ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ২৯৪ কোটি টাকা
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ৯:২১:০৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : চলতি জানুয়ারির ২৪ দিনে প্রবাসী আয় এসেছে ২৪৭ কোটি ৭০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩০ হাজার ২৯৩ কোটি ৯০ লাখ টাকা (প্রতি ডলার ১২২.৩০ টাকা হিসাবে)। গতকাল রোববার (২৫ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি জানুয়ারি মাসের ২৪ দিনে আগের বছরের একই সময়ের ৪৯ শতাংশ বেশি প্রবাসী আয় এসেছে। আগের বছরের জানুয়ারি মাসের ২৫ দিনে প্রবাসী আয় এসেছিল ১৬৬ কোটি ৭০ লাখ ডলার।
একই সঙ্গে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত আগের বছরের একই সময়ের চেয়ে ২১ দশমিক ৪০ শতাংশ বেশি প্রবাসী আয় এসেছে। এ সময়ে প্রবাসী আয় এসেছে ১ হাজার ৮৭৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১ হাজার ৫৪৩ কোটি ৯০ হাজার ডলার। জানুয়ারি মাসে আসা এ প্রবাসী আয় সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি।





