পোস্টাল ভোট দিলেন ৪ লাখের বেশি প্রবাসী
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৬, ৯:০৯:৫৪ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ইতোমধ্যে চার লাখ পাঁচ হাজার ১৬৪ জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। সোমবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন।
সালীম আহমাদ খান জানান, ২৬ জানুয়ারি দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৬ লাখ ৮৩ হাজার ১২২ জন প্রবাসীর (সংশ্লিষ্ট গন্তব্যের দেশে) কাছে ব্যালট পৌঁছেছে। ৪ লাখ ৭৮ হাজার ৩২৬ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ৪ লাখ ৫ হাজার ১৬৪ জন প্রবাসী ভোটার কর্তৃক ভোটদান সম্পন্ন হয়েছে।
ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ৩ লাখ ৪৪ হাজার ৯৯৩টি পোস্টাল ব্যালট। এ ছাড়া ১৯ হাজার ৩৮৮ পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।
সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে (দেশে এবং প্রবাসী মিলে) মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।
এদিকে ইসির বার্তায় বলা হয়, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালট পাওয়ার পর দ্রুত ভোটদান সম্পন্ন করে নির্ধারিত হলুদ খামটি ডাকযোগে পাঠিয়ে দিন। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে আগামী ১২ ফেব্রুয়ারি বিকাল ৪টা ৩০ মিনিটের মধ্যে ব্যালট পৌঁছাতে হবে। এই সময়ের পর কোনও ব্যালট পৌঁছালে তা গণনা করা হবে না।





