সিলেটে পিস্তল, পাইপগান ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৬, ৯:৩৪:৫৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে পৃথক অভিযানে পিস্তল ও দেশীয় তৈরী পাইপগানসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে র্যাব-৯ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ। রোববার রাতে সিলেট নগরীর বনকলাপাড়া থেকে গুলিসহ ১টি পিস্তল উদ্ধার করে পুলিশ। একই রাতে সিলেটের জৈন্তাপুর থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, ২০টি ইন্ডিয়ান পাওয়ার জেল এবং ১১টি নন-ইলেক্ট্রিক ডেটোনেটর উদ্ধার করে র্যাব-৯।
সোমবার (২৬ জানুয়ারী) পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র্যাব ও পুলিশের গণমাধ্যম শাখা। র্যাব-৯ সূত্রে জানা গেছে, র্যাব-৯ এর একটি দল রোববার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন ১নং নিজপাট ইউনিয়নের লক্ষীপ্রসাদ এলাকায় নির্মাণাধীন একটি আখড়ার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান, ২০টি ইন্ডিয়ান পাওয়ার জেল এবং ১১টি নন-ইলেক্ট্রিক ডেটোনেটর উদ্ধার করে।
র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত পাওয়ার জেল ও ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়, যা নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা রয়েছে। তবে অভিযানে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত পাইপগান, পাওয়ার জেল ও ডেটোনেটর জিডিমূলে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে র্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানাধিন বনকলাপাড়া আবাসিক এলাকার পেছনে তারাপুর চা বাগানের পাশের একটি শতবর্ষী বটগাছের নিচ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বাটযুক্ত পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে আইনী পদক্ষেপ নেয়া হয়েছে। এর সাথে সংশ্লিষ্টদের চিহ্নিত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।





