সিলেট সীমান্তে বিজিবির ২ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৬, ৯:৩৫:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। রোববার বিভিন্ন সীমান্ত এলাকায় জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১ লক্ষ ৩৩ হাজার ৭০ টাকা।
১৯ বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সিলেট সেক্টরের জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির একটি বিশেষ আভিযানিক দল সদর এলাকার সীমান্ত পিলার ১৩১৬ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলিনগরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ, ক্লোপ-জি ক্রীম, পাতাঞ্জলী এলোভেরা জেল, ভারতীয় জিরা, শীতের সোয়েটারসহ একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১২ হাজার ৮২০ টাকা।
এদিকে একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ সুরাইঘাট ও গুয়াবাড়ী বিওপির পৃথক আভিযানিক দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৩৫ কেজি ভারতীয় চিনি এবং একটি ভারতীয় গরু আটক করা হয়। এসব মালামালের সিজার মূল্য ১ লক্ষ ২০ হাজার ২৫০ টাকা। সবমিলিয়ে পৃথক দুই অভিযানে মোট ২ কোটি ১ লক্ষ ৩৩ হাজার ৭০ টাকার পণ্য জব্দ করা হয়।
এ ব্যাপারে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





