দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর সৈনিক শতায়ূ নুর মোহাম্মদের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৬, ৯:৪৭:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম পশ্চিম পাড়া নিবাসী দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর সৈনিক ব্রিটিশ রয়েল আর্মির অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার শাহ নুর মোহাম্মদ আর নেই। সোমবার ভোররাত পৌণে ৪টায় বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১০৬ বছর। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৪ কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা সোমবার বেলা দুইটায় সিলাম পশ্চিম পাড়া বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নজরুল ইসলাম। নামাজে জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিপুল সংখক মুসল্লী অংশ নেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর সৈনিক ব্রিটিশ রয়েল আর্মির অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাহ নুর মোহাম্মদ ১৯২০ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি সিলাম পশ্চিমপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা (মৃত) শাহ নাহার মোহাম্মদ ও মাতা(মৃত) অছিরা বিবি।
শাহ নূর মোহাম্মদ ১৯৪২ খ্রিষ্টাব্দে ব্রিটিশ রয়েল সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৪৩ খ্রিষ্টাব্দে ভারতের পাঞ্জাবের পিরোজপুর ট্রেনিং একাডেমিতে ইনস্ট্রাক্টর ও হাবিলদার এবং পরে অনারারি ওয়ারেন্ট অফিসার হিসেবে পদোন্নতি লাভ করেন। ১৯৪৩ খ্রিষ্টাব্দে ট্রেনিং শেষে তাকে ইতালিতে বদলি করা হয়। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়ে বিভিন্ন স্থানে অত্যন্ত দক্ষতার সঙ্গে যুদ্ধ করেন। জার্মানরা সে যুদ্ধে পরাজিত হয়ে আত্মসমর্পণ করে। পরে ১৯৪৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি সেখানে থাকেন।
শাহ নূর মোহাম্মদ ব্রিটিশ সেনাবাহিনীর সৈনিক হিসেবে ৩৯৪৫ স্টার ইতালি স্টার, ডিফেন্স মেডেল, ওয়ার মেডেল লাভ করেন। আমৃত্যু তিনি ব্রিটিশ আর্মির বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা ভোগ করেছেন।





