শাহজালাল জামেয়ায় বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৬, ৭:২০:০৭ অপরাহ্ন
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে সোমবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর বালক শাখার পুরস্কার বিতরণী অনুষ্ঠান দলদলী চা বাগান মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে এবং প্রভাষক মুহিবুর রহমান এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল, কলেজ সেকশনের ইনচার্জ সহকারি অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম মজুমদার, ক্রীড়া কমিটির আহবায়ক মো. আব্দুল মোতালেব, সিনিয়র শিক্ষক মুহিব আলী, সিনিয়র শিক্ষক আব্দুর রব ও লাইব্রেরিয়ান মো. মোখলেছুর রহমান খান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা হলো পাঠ্যক্রমের একটা অংশ। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায়ও অংশ নিতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে মেধাবী ও যোগ্য নাগরিকের বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞান অর্জনের তাগিদ প্রদান করেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং খেলা পরিচালনায় অংশ নেয়া সকল শিক্ষকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি





