কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী ম্যান্ডেলার সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৬, ৭:১০:৪০ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের স্বতন্ত্র (ঘোড়া প্রতিকের) সংসদ সদস্য প্রার্থী এম জিমিউর রহমান চৌধুরী ম্যান্ডেলা বলেছেন নির্বাচিত হলে কুলাউড়ায় কোন সন্ত্রাস, চাঁদাবাজের স্থান হবেনা। আমি সরকারি বেতন-ভাতা, গাড়ি-বাড়ি সুবিধা গ্রহণ করবো না। মঙ্গলবার দুপুরে কুলাউড়ার একটি অভিজাত রেষ্টুরেন্টে আয়োজিত সাংবাদিকদের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পৃথিমপাশা ইউনিয়নে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হই। দায়িত্ব পালনকালে শুধু পৃথিমপাশা ইউনিয়নে নয়, কুলাউড়ার সর্বস্তরের মানুষের সুখে-দুঃখে সাধ্যমত সহযোগিতা করেছি। আমি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করে এমপি পদে প্রার্থী হয়েছি। উন্নয়ন বঞ্চিত কুলাউড়ার জনগণের সেবা করার জন্য আমি এবারের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্ধতা করছি। ইনশাআল্লাহ আমি বিজয়ী হলে সুযোগ-সুবিধা বঞ্চিত কুলাউড়ার কৃষক, শ্রমিক, মেহনতি সাধারণ মানুষের কল্যাণে সর্বোচ্চ দিয়ে সেবা করে যাবো। চা শিল্পের সমস্যা-সম্ভাবনা ও চা-শ্রমিকদের, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর উন্নয়নে অবদান রাখব।
তিনি আরো বলেন পর্যটন শিল্পের বিকাশে কুলাউড়ার হাকালুকি হাওরসহ অন্যান্য পর্যটন স্থানকে নিয়ে আমার বিশেষ পরিকল্পনা রয়েছে। কুলাউড়া হাসপাতালের শয্যাবৃদ্ধি, ক্রীড়াঙ্গণের উন্নয়নে স্টেডিয়াম নির্মাণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ছাড়াও কুলাউড়ার প্রধান সমস্যা শহরের যানজট এবং বিশেষ করে রবিরবাজার ও ব্রাহ্মণবাজারের যানজট নিরসনে কাজ করবো।
উল্লেখ্য, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নে প্রতিদ্বন্ধি হেভিওয়েট দুই প্রার্থীকে পরাজিত করে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে চমক দেখান।





