ব্যারিস্টার নাজির আহমদের মতো মেধাবীদের কাজে লাগাতে হবে: শাবি ভিসি
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৬, ৭:১৮:২৫ অপরাহ্ন
ব্যারিস্টার নাজির আহমদ দেশের মেধাবী সন্তান। বহুমুখী প্রতিভার অধিকারী সিলেটের কৃতি সন্তান ব্যারিস্টার নাজির আহমদ আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তার মতো মেধাবীদের দেশ গঠনে কাজে লাগালে বাংলাদেশ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারবে।
লেখক, সংবিধান বিশেষজ্ঞ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এডভোকেট, নিউহ্যাম বারার সাবেক ডেপুটি স্পীকার ব্যারিস্টার নাজির আহমদকে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এম সারওয়ার উদ্দিন চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।
সোমবার সন্ধ্যায় সিলেটের এক অভিজাত হোটেলে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে ব্যারিস্টার নাজির আহমদকে সংবর্ধনা এবং শিক্ষার্থীদের ম্যধ্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যানের ও সিলেট মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর পরিচালক মোহাম্মদ কাপ্তান হোসেনের সভাপতিত্বে এবং সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ ছানিম আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি স্পিকার ও কাউন্সিলর মাদার জেনেত, ফুলকলি ফুড প্রোডাক্ট লি. সিলেটের উপ পরিচালক জসিম উদ্দিন খন্দকার।
সংবর্ধিত অতিথি ব্যারিস্টার নাজির আহমদ বলেন, সিলেট ও চট্টগ্রামের মধ্যে এক ঐতিহাসিক বন্ধন আছে। এক সময় আমরা এক বিভাগে ছিলাম। এমন কি যারা বাংলাদেশকে বিভিন্ন প্রদেশে ভাগ করার প্রস্তাব দিয়েছেন তারাও সিলেট ও চট্টগ্রামকে নিয়ে এক প্রদেশ গঠনের কথা বলেছেন। সিলেট ও চট্টগ্রামের মধ্যে সম্পর্ক ও বন্ধন আরো মজবুত করতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. সারওয়ারউদ্দিন চৌধুরী ব্যারিস্টার নাজির আহমদকে ক্রেস্ট ও মেডেল প্রদান করেন। এরপর ব্যারিস্টার নাজির আহমদের অর্থায়নে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি





