জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় থাকবে বিজিবি
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৬, ৬:৩৪:২৭ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে পারিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
তিনি বলেন, একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে ভোটারদের অংশগ্রহণ আরও উৎসাহিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
বুধবার সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক প্রেসকনফারেন্স হলরুমে সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সুনামগঞ্জ জেলাটি হাওর বেষ্টিত ও দুর্গম এলাকা। যা নির্বাচনী দায়িত্বকে অনেক বেশী চ্যালেঞ্জিং করে তুলেছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচনকে নিরাপদ করতে সুনামগঞ্জ জেলার সড়ক এবং নৌপথে দায়িত্ব পালন করবে এবং এ বিষয়ে প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করবে সুনামগঞ্জ বিজিবি।
তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলার ৯০ কিলোমিটার সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ড্রোনের মাধ্যমে নির্বাচনী এলাকায় সার্ভেইল্যান্স ব্যবস্থা চালু করা হবে এবং এ কাজে দক্ষ জনবল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে পরিস্থিতি মোকাবেলায় বিজিবিতে নতুনভাবে সংযোজিত নন-লেথাল বা অ-প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ ও প্রস্তুতি আমাদের রয়েছে। নির্বাচনকালীন যেকোনো জরুরী পরিস্থিতি মোকাবেলায় বিজিবির কুইক রেস্পন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে।
বিজিবি অধিনায়ক আরও জানান, সিলেট এর অধীনস্থ ৩টি ব্যাটালিয়ন সিলেট ও সুনামগঞ্জ জেলার ১০টি সংসদীয় আসনে ২৩টি উপজেলায় ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন এর মাধ্যমে দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী ৬টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী আরও ৫টি উপজেলা এবং অন্যান্য ১২টি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এ সময় সুনামগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন।





