জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলে বার্ষিক ক্রীড়ার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৬, ৮:২৬:৫০ অপরাহ্ন

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)-এর দুই দিনব্যাপী ‘২৪তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেসিপিএসসি’র কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন জেসিপিএসসি’র পরিচালনার পর্ষদ সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন বেগম সভাপতি মোহসীনা খাতুন চৌধুরী এবং অধ্যক্ষ লে. কর্নেল মাইমুনুল করিম চৌধুরী, এমফিল এইসি।
প্রধান অতিথি জেসিপিএসসি’র কেন্দ্রীয় খেলার মাঠে উপস্থিত হলে বিএনসিসি’র একটি চৌকস ক্যাডেট দল প্রধান অতিথিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে এবং পাইলট দল উদ্বোধনী মঞ্চের দিকে নিয়ে যায়। প্রধান অতিথি উদ্বোধনী মঞ্চে আসার পর প্যারেড কমান্ডার ও কলেজ প্রিফেক্ট দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শাদিন শাহরিয়ার শান এর নেতৃত্বে সম্মিলিত মার্চপাস্ট দলের সদস্যবৃন্দ প্রধান অতিথিকে সালাম ও অভিবাদন জানান। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী তাহসিন ওমর। খেলার শপথবাক্য পাঠ করান দশম শ্রেণির শিক্ষার্থী সাকিয়ে কায়সার মাহিয়ান। মশাল প্রজ্জ্বলিত করে কলেজ শাখার গেমস্ প্রিফেক্ট আদিল ও শ্রেষ্ঠ ক্রীড়াবিদ স্বর্ণালী আক্তার রিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সুরের মুর্চ্ছনায় জাতীয় পতাকা, এরিয়া পতাকা, কলেজ পতাকা এবং বিভিন্ন হাউসের পতাকা সংশ্লিষ্ট হাউসের প্রিফেক্ট উত্তোলন করে। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথি শান্তির প্রতীক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে ‘২৪তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’র উদ্বোধন ঘোষণা করেন।
প্যারেড কমান্ডার ও বিভিন্ন কন্টিনজেন্ট লিডারদের নেতৃত্বে মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। বিএনসিসি কন্টিনজেন্ট, বিএনসিসি লেডি-কন্টিনজেন্ট, স্কাউট, গার্লস-ইন স্কাউট, রোভার স্কাউট, পদ্মা হাউস, মেঘনা হাউস, যমুনা হাউস, সুরমা হাউস এবং বাদক দলের সদস্যবৃন্দ নিজ নিজ পতাকা ও প্লে-কার্ড নিয়ে মার্চপাস্টে অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থী আত্মরক্ষামূলক শরীরচর্চা কৌশল কোরিয়ান মার্শাল আর্ট ‘তায়কোয়ান্ডো’ প্রদর্শন করে। প্রায় ২৭০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আবহমান বাংলা – সংগ্রাম থেকে স্বাধীনতা ও আমাদের প্রত্যাশা’ শিরোনামে ডিসপ্লে অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী ২৪তম আন্ত:হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৬৪টি ইভেন্টে প্রায় ৪৩০ জন প্রতিযোগী শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করছে এবং বিজয়ী শিক্ষার্থীকে মোট ২০৬টি পুরস্কার প্রদান করা হবে। উদ্বোধনী দিবসের প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি





