নিজে দুর্নীতি করবনা, অন্যকেও করতে দেবোনা: তোফায়েল আহম্মেদ
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৬, ৮:৩১:২৮ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-১ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী, জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহম্মেদ খাঁন সংস্কার ও দুর্নীতিমুক্ত রাজনীতির অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আমি ভোটের মাঠে ব্যাপক সাড়া পাচ্ছি। দাঁড়িপাল্লার পক্ষে নারী পুরুষ মিলে দিনরাত পরিশ্রম করছেন। দেশ ও প্রবাসী ভোটারের চেষ্টায় এমপি নির্বাচিত হলে শুল্কমুক্ত গাড়ি নেবোনা, সরকারি কোন প্লট নেবোনা। নিজেও দুর্নীতি করবনা, অন্যকেও করতে দেবোনা। বুধবার বিকেলে শহরের হাছননগর ইসলামিক সেন্টারে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২৪ আগস্টের আগে ও পরে প্রতিটি সংকটে আমি জনগণের পাশে ছিলাম। বিপ্লবের আগে মজলুম ছিলাম, বিপ্লবের পরে নির্লোভ আছি। হাওরের বালু মহাল, সীমান্ত বাণিজ্য, চাঁদাবাজিতে আমি কিংবা আমার দল জড়িত ছিলোনা। ভবিষ্যতেও করবনা। নিজেরা দুর্নীতি করবনা অন্যকে করতে দেবোনা। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। আমরা একটি কল্যাণমুলক রাষ্ট্র গঠন করতে চাই। এমন সুন্দর রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
সুনামগঞ্জ-১ আসন চারটি উপজেলা নিয়ে গঠিত উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলে মাছ, পাথর, ধান ও পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। সরকার এখান থেকে বিশাল রাজস্ব পেলেও দুঃখজনকভাবে এলাকাটি এখনো দেশের পিছিয়ে পড়া অঞ্চলের তালিকায় রয়ে গেছে। পূর্ববর্তী সংসদ সদস্যরা প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম গ্রহণ করেননি বলেও তিনি অভিযোগ করেন। বিশেষ করে সড়ক যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের ঘাটতির কথা তুলে ধরেন। আমি হাওরের উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন সাধন করব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি সেক্রেটারি অধ্যাপক মু. আব্দুল্লাহ, সিলেট মহানগরী শ্রমিক কল্যাণ সংগঠনের সাংগঠনিক সম্পাদক দিলশাদ মিয়া, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি লুৎফর রহমান দুলালসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।





