কমলগঞ্জে সুজন’র ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান স্থগিত
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬, ৬:৫১:২২ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মৌলভীবাজারের কমলগঞ্জে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। শেরপুরের ঝিনাইগাতীতে প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে ঘটে যাওয়া সহিংসতার প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিকাল ৩টায় কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল।
জানা যায়, ভোটের রাজনীতির চিরাচরিত প্রথা ভেঙে ভোটারদের মুখোমুখি দাঁড়িয়ে সরাসরি জবাবদিহিতার এক অনন্য নজির স্থাপন করতে সুজন-সুশাসনের জন্য নাগরিক দেশের ৪৭ টি নির্বাচনী এলাকায় জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের প্রতিদ্ব›িদ্ধ প্রার্থীদের নিয়ে সুজন মৌলভীবাজার জেলা কমিটির আয়োজনে বৃহস্পতিবার বিকেলে কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনুষ্ঠানে হওয়ার কথা ছিল। কিন্তু গত বুধবার শেরপুরের ঝিনাইগাতীতে প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠের একটি অনুষ্ঠানে সহিংসতা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার কথা বিবেচনা করে এবং যেকোনো ধরণের অনাকাঙ্কিত ঘটনা এড়াতে জেলা প্রশাসনের নির্দেশনায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
অনুষ্ঠান স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান। তিনি বলেন, শেরপুরের অনাকাঙ্কিত ঘটনার প্রেক্ষিতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে জেলা প্রশাসনের নির্দেশনায় আজকের নির্ধারিত অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। জননিরাপত্তাই আমাদের কাছে অগ্রাধিকার।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মৌলভীবাজার জেলা কমিটির সভপতি ডা. ছাদিক আহমদ বলেন, ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানটি মূলত প্রার্থী ও ভোটারদের মধ্যে সরাসরি আলোচনার একটি মাধ্যম হিসেবে কাজ করে, যেখানে প্রার্থীরা তাদের উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং ভোটাররা সরাসরি প্রশ্ন করার সুযোগ পান। অনুষ্ঠানটিতে নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসন স্থগিত ঘোষণা করেছে।





