শাবিতে শাটল কার সুবিধা চালু
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬, ৮:৪০:০০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ইলেকট্রিক শাটল কার সার্ভিস চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সার্ভিসের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। এই শাটল কার সুবিধা চালুর ফলে ক্যাম্পাসে সহজেই যাতায়াত করতে পারবেন শিক্ষার্থীরা।
ভিসি অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে এই উদ্যোগ। ইলেকট্রিক শাটল কার বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় একটি নতুন মাত্রা যোগ করবে। ভবিষ্যতে আরও উন্নত ও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাবে।
প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম বলেন, এটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিটি সিদ্ধান্তই শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণকে কেন্দ্র করেই গ্রহণ করা হচ্ছে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন বলেন, এই উদ্যোগ ক্যাম্পাসভিত্তিক যাতায়াতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। শিক্ষার্থীদের জন্য আরও ভালো কিছু করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও মাউন্ট এডোরা হসপিটালের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আ. ফ. ম. জাকারিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাউন্ট এডোরা হসপিটাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. কে. এম. আখতারুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ আলমগীর সাফওয়াত, পরিচালক অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, পরিচালক অধ্যাপক ডা. আখলাক আহমদ, এইচআর ও অ্যাডমিন এবিএম জর্জেসুর রহমান, চিফ একাউনটেন্ট মোঃ কামরুল ইসলাম এবং ব্যবসায় উন্নয়ন বিভাগের ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম। ইলেকট্রিক শাটল কারটি মাউন্ট এডোরা হসপিটাল কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়কে উপহার হিসেবে প্রদান করে।





