হাওরে মিললো কুয়েত প্রবাসী যুবকের মরদেহ
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬, ৯:২৭:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর জালালাবাদ থানাধিন সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের একটি হাওরের ঝোপের ভেতর থেকে কুয়েত প্রবাসী এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে জালালাবাদ থানা পুলিশ। নিহতের নাম শোয়েবুর রহমান (৩০)।তিনি এয়ারপোর্ট থানার মংলিপার গ্রামের আমির আলীর পুত্র ও কুয়েত প্রবাসী। সপ্তাহখানেক আগে তিনি দেশে আসেন।
পুলিশ জানায়, মরদেহটি একটি ঝোপের ভেতরে পড়ে ছিল। এসময় মরদেহের মুখ সাদা বস্তা দিয়ে ঢাকা থাকলেও শরীরের অন্যান্য অংশ ছিল বিবস্ত্র। তাৎক্ষণিকভাবে প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যা বলে মনে হচ্ছে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।





