রাজনীতিতে নতুনত্ব না থাকলে পুরোনো কালচার ফিরে আসবে : শিশির মনির
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৬, ৬:০৫:৩৩ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী আইনজীবী শিশির মনির বলেছেন, ৫ আগস্টের পর রাজনীতিতে যদি নতুনত্ব না থাকে তাহলে সেই পুরোনো কালচার আবার ফিরে আসবে। গতকাল আমার নির্বাচনি এলাকায় যা ঘটেছে কিংবা দেশজুড়ে যা ঘটছে এসবের ইতি টানা দরকার। শুক্রবার সকালে দিরাইয়ের ধলবাজারে নির্বাচনি প্রচারণা শেষে প্রচার গাড়িতে হামলার প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
শিশির মনির বলেন, সারাদেশে একটা অসহিষ্ণু আচরণ চলছে, যা মোটেও কাম্য না। প্রচার গাড়িতে কারা হামলা করেছে। ডিনাই করছেন কেন? এটা খুঁজে বের করুন। ক্রিয়েটিভ প্রচারণা চলছে। ভিডিও দেখানো হচ্ছে। এটা গাড়ি ভাঙা নয়, নতুন চিন্তাকে ধ্বংস করা। আপনারাও স্টেটমেন্ট দেন যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক। এটা নতুন রাজনীতি।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সমন্বিত আলোচনায় বসা দরকার। এমনকি নির্বাচন কমিশনের এ ব্যাপারে কার্যকরী উদ্যোগ নেওয়া দরকার। যদি তা না পারে তাহলে রাজনীতিতে গুণগত পরিবর্তন বলতে তেমন কিছু আমরা প্রত্যাশা করতে পারি না। তাই আমি মনে করি দ্রুত এগুলো বন্ধ করা দরকার।





