বাবুলনগর যুবসমাজের গজল সন্ধ্যা
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৬, ৭:২৯:৩০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাবুল নগর এলাকার যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী আয়োজন। এলাকার মুরদেগানদের মাগফিরাত কামনায় তারা আয়োজন করে ইসলামি সংস্কৃতির ‘গজল সন্ধ্যা’। বৃহস্পতিবার বাবুল নগর জামে মসজিদ প্রাঙ্গণে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই আয়োজন। দেশের বিভিন্ন প্রান্তের ইসলামি সংগীত শিল্পীরা এসে গজল, নাশিদ ও নাতে রাসুল পরিবেশন করেন।
মোহাম্মদ আল হাফিজের উপস্থাপনায় সংগীত পরিবেশন করেন কলরব ও জমজম শিল্পীগোষ্ঠীসহ প্রায় ১৫ জন খ্যাতনামা শিল্পী। বাবুল নগর যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে গজল সন্ধ্যার আয়োজক কমিটির সদস্যরা হলেন রাসেল আহমদ, মহিম উদ্দিন, শাহ আলম, আল আমিন, ইব্রাহীম, শুকুর আলী, নোমান আহমদ, জৈন উদ্দিন ও গিয়াস উদ্দিন।
আয়োজকরা বলেন, অপসংস্কৃতি আমাদের চারপাশ ভরে গেছে। যুবকরা এই অপসংস্কৃতির দিকেই ঝুঁকছে। আমরা এই অপসংস্কৃতি থেকে এলাকার যুবকদের বের করে ইসলামি সংস্কৃতির চর্চা শুরু করেছি। ভবিষ্যতে এই এলাকায় ইসলামি সংস্কৃতির জোয়ার ঘটবে।





