আদানির বিরুদ্ধে লড়তে আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৬, ৯:০৩:০৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ভারতের আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে কয়লার দাম ও বিদ্যুতের ট্যারিফ নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তিতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারে (এসআইএসি) চলমান মধ্যস্থতা প্রক্রিয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) পক্ষে লড়তে একটি ব্রিটিশ আইনি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানটি হলো ‘৩ ভেরুলাম বিল্ডিংস’ (৩ভিবি)। এটি বিশ্বের অন্যতম শীর্ষ আইনি পরামর্শক প্রতিষ্ঠান, যারা বিশ্বজুড়ে বাণিজ্যিক ও আর্থিক মামলার ক্ষেত্রে আইনি সহায়তা দিয়ে থাকে। কর্মকর্তারা জানান, আদানির বিরুদ্ধে এই আইনি লড়াইয়ে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন ৩ভিবির কিংস কাউন্সেল ফারহাজ খান। তিনি গত কয়েক মাস ধরে জাতীয় পর্যালোচনা কমিটিকে এ বিষয়ে পরামর্শ দিয়ে আসছিলেন। তাকে সহায়তা করার জন্য বিপিডিবি দুজন স্থানীয় বিশেষজ্ঞও নিয়োগ দিয়েছে। তারা হলেন—পাওয়ার গ্রিড বাংলাদেশের চেয়ারম্যান রেজওয়ান খান (কারিগরি বিশেষজ্ঞ) এবং ‘দ্য ল কাউন্সিল’ এর পার্টনার ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক (আইনি বিশেষজ্ঞ)।
বিপিডিবি চেয়ারম্যান মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়োগপ্রাপ্তদের নাম ইতিমধ্যেই বিপিডিবির পক্ষ থেকে এসআইএসিতে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক বলেন, তিনি এখনো আনুষ্ঠানিক নিয়োগপত্র পাননি, তাই মন্তব্য করতে চান না। তবে আদানি চুক্তি পর্যালোচনার সময় তিনি আইনি মতামত দিয়েছিলেন বলে স্বীকার করেন।





