গোলাপগঞ্জে আলোকিত জ্ঞান কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৫:৫৫ অপরাহ্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে আলোকিত জ্ঞান কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় ভাদেশ্বর কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী, বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি তার বক্তব্যে আলোকিত জ্ঞান কুইজ প্রতিযোগিতার আয়োজকদের ভুয়সী প্রশংসা করে বলেন, এমন উদ্যোগ আলোকিত মানুষ তৈরীতে সাহায্য করবে। দেশ গড়ার কারিগর হচ্ছে শিক্ষার্থীরা। আগামীতে এরাই জাতিকে নেতৃত্ব দিবে। এদের প্রতি নজর দিতে হবে। গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান জরাজীর্ণ। বিগত দিনগুলো ক্ষমতাসীনরা শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়নের মাধ্যমে লুটপাট করেছে। আসন্ন নির্বাচনে সুযোগ এসেছে, এদের লাল কার্ড দেখিয়ে ভোটের মাধ্যমে রাজনীতি থেকে বিদায় করতে হবে।
উজান মেহেরপুর এডুকেশন ট্রাস্টের আয়োজনে আলোকিত জ্ঞান কুইজ প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. আব্দুল আজিজের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মো. দেলাওয়ার হোসাঈনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলোকিত জ্ঞান কুইজ প্রতিযোগিতার প্রধান উদ্যোক্তা প্রবাসী আবুল কালাম, বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ জাহিদ হোসাইন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আলোকিত জ্ঞান কুইজ প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জামিল আহমদ।
বক্তব্য রাখেন মোল্লাবাড়ি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আবু আইয়ুব, জয়নাল আবেদীন ফয়সল, শাহ পুতলা মাদ্রাসা প্রতিষ্ঠাতা মুহতামিম হাফিজ আব্দুল হালিম, সিলেট সরকারি কলেজের অফিস প্রধান রফিকুল ইসলাম, ইসলামী ব্যাংক ভাদেশ্বর আউটলেট শাখার ইনচার্জ আশরাফ আল মান্নান লিপু, কিশোর কন্ঠ পাঠক ফোরাম গোলাপগঞ্জ পূর্ব শাখার সভাপতি সাজ্জাদুর রহমান নিপু, মোকামবাজার বনিক সমিতির সভাপতি বাবুল আহমদ, আল ফালাহ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক খলিলুর রহমান, গোলাপগঞ্জ উপজেলার কিশোর কন্ঠ ফোরামের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মাহদি, কুশিয়ারা ডিগ্রি কলেজের শিক্ষার্থী আব্দুল আহাদ, ভাদেশ্বর মডেল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থী সায়েম আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ গোলাপগঞ্জ পশ্চিম শাখার সভাপতি আবুল কালাম মো. ইউসুফ, কিশোরকন্ঠ ভাদেশ্বর ইউনিয়ন শাখার সভাপতি রাহিম আহমদ শাকিল, ভাদেশ্বর ইউপির সাবেক মেম্বার মইন উদ্দিন আলী, মুরব্বি আলাউদ্দিন, জুবের আহমদ, সংগঠক জাবেল আহমদ, দেলোয়ার আহমদ, অনিক আহমদ ও মাহিন আহমদ প্রমুখ।





