ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকারহরণের অপকৌশল মেনে নেয়া হবে না
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১২:০৭ অপরাহ্ন

১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদে প্রকৌশলে উচ্চতর ডিগ্রিধারীদের প্রবেশের সুযোগ কিংবা কোটা সংরক্ষণের কোন অপকৌশল মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী পরিষদ নেতৃবৃন্দ। তারা বলেন, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ ও ১০ম গ্রেড পদমর্যাদা দেয়া হয়েছে। এটি একটি মিমাংসিত ইস্যু। জাতির প্রয়োজনে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকারিভাবে ১৯৭৮ সালে এই পদ সৃজন করা হয়েছে।
রোববার সকালে সিলেট নগরীতে প্রকৌশলে বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত সমাধানে সরকারের কমিটি কর্তৃক ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদ আয়োজিত মানববন্ধনে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
মানববন্ধনের শুরুতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ছাত্র শিক্ষক ও পেশাজীবি সংগ্রাম পরিষদের সিলেটের আহবায়ক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর’র সভাপতিত্বে অনুষ্ঠানে মহাগ্রন্থ পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। সিলেট জেলা আইডিইবি এর সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান জাকারিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আইডিইবি এর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার রফিক উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী কাউন্সিলর, ইঞ্জিনিয়ার ইকবাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরিদ মিয়া, ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান চৌধুরী, ইঞ্জিনিয়ার সালাউদ্দিন। ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন রাকিব আহমেদ।
নেতৃবৃন্দ বলেন, সরকার যখন গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নেয়ার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পথে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে ডিগ্রি প্রকৌশলী ও বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য সংখ্যাগরিষ্ঠ ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য ও বিভিন্ন সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। বিজ্ঞপ্তি





