নির্বাচিত হলে চেলা নদীতে সেতু নির্মাণ করা হবে: সালাম মাদানী
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৪:২১ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি: আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউপির চেলা নদীর পাড়ে পূর্বচাইরগাঁও-সোনাপুর-শারপিনপাড়া এলাকায় ত্রিমাত্রিক সেতু নির্মাণ করা হবে।
রোববার সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রায় ২ হাজার কর্মী-সমর্থক নিয়ে স্থানীয় নরসিংপুর বাজারে আয়োজিত গণমিছিলে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নরসিংপুর বাজারে মিছিলে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা প্রমাণ করে আগামীর রাষ্ট্র ইসলামের রাষ্ট্র, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট নির্বাচিত করতে এলাকাবাসীর এই গণজোয়ার উঠছে।
ইউনিয়ন জামায়াতের আমীর আতাউর রহমানের সভাপতিত্বে এবং আলাউর রহমান আলাল ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রফিকুর রহমানের সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সাদিক সালিম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশিদ, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল কুদ্দুস, সিলেট কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল খালিক মানিক।





