দোয়ারায় উর্বর মাটি কাটায় জরিমানা
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২১:৩২ অপরাহ্ন

দোয়ারাবাজার সংবাদদাতা: মাটি ও ঘরবাড়ি নির্মাণের প্রয়োজনে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি বা টপ সয়েল নির্বিচারে কেটে বিক্রি করার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। এতে জমির দীর্ঘমেয়াদী উৎপাদন ক্ষমতা নষ্ট হচ্ছে এবং আবাদি জমি মরুভূমিতে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এর ফলে ভবিষ্যতে খাদ্য উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে।
এ প্রেক্ষাপটে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। শনিবার দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে মান্নারগাঁও ইউনিয়নের মান্নারগাঁও গ্রামের ছাতক-সুনামগঞ্জ ব্রিজের সন্নিকটে অবৈধভাবে মাটি কর্তনের দায়ে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার লোকমান হোসেনের পুত্র মো. মমিন হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, ফসলি জমির উর্বর মাটি রক্ষা করা খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধ মাটি কাটার ফলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।





