বিয়ানীবাজারে সড়কে ঝরলো তরুণ ফুটবলারের প্রাণ
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৪:৩৭ অপরাহ্ন

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-বিয়ানীবাজার সড়কের চারখাইয়ে দুর্ঘটনায় প্রাণ গেলো তরুণ ফুটবলারের। সোমবার সকালে একটি নোহার সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তিনি। নিহত তরুণ আবু সাঈদ বাধন (২১) বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার নোয়াখানি গ্রামের রুহেল আহমদ।
জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ী মডেল স্কুলের সামনে একটি নোহার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা বাধনকে মৃত ঘোষণা করেন। অন্য আহত মাহিনকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করেছেন স্বজনরা। দুর্ঘটনার পর মাইক্রো ফেলে পালিয়ে যায় চালক। পরে মাইক্রোটি পুলিশ জব্দ করে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





