কুলাউড়ায় ৬ এয়ারগান ও গুলি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ৬:০৯:৫২ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় র্যাব-৯ এর বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৬টি এয়ারগান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকৃত অস্ত্রগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা বাগান এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল মুরইছড়া চা বাগানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাগানের ভেতরে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ৬টি এয়ারগান ও ২০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগান ও গুলি সাধারণ ডায়েরি (জিডি) মূলে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।





