মৌলভীবাজার-১ আসন: গণঅধিকার পরিষদ প্রার্থীর নির্বাচনি ইশতেহার ঘোষণা
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৯:৪৮ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের সংসদ সদস্যপ্রার্থী আব্দুন নুর তালুকদার ৬ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।
বুধবার বিকেলে বড়লেখা পৌরশহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইশতেহার ঘোষণার সভায় আব্দুন নুর তালুকদার বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তিনি একজন সংগঠক, রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার অঙ্গীকারবদ্ধ কর্মী। জনগণের ভোটে বিজয়ী হয়ে জাতীয় সংসদে শপথ গ্রহণের প্রথম ৩০ দিনের মধ্যেই মৌলভীবাজার-১ আসনকে একটি সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত আদর্শ আসনে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করবেন। সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান থাকবে জিরো টলারেন্স। প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটাবেন। খাদ্য নিরাপত্তা ও পুনর্বাসনে প্রতিটি মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য সুলভমূল্যে খাদ্য ক্রয়ের লক্ষ্যে একটি করে রেশন কার্ড প্রদান নিশ্চিত করবেন। পরিবহনে শৃঙ্খলা ও ভাড়া নির্ধারণে সব ধরণের পরিবহনের জন্য সুনির্দষ্ট ও বাস্তবসম্মত ভাড়ার তালিকা প্রণয়ন করবেন। নাগরিক অভিযোগ ও সামাজিক সম্প্রীতি, শান্তি ও আস্থা প্রতিষ্ঠায় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করবেন নাগরিক অভিযোগ বক্স। এছাড়া তরুণদের কর্মসংস্থান ও পর্যটন উন্নয়ন, শ্রমিকদের মর্যাদা ও সুরক্ষায় পর্যায়ক্রমে চালু করবেন শ্রমিক কার্ড। নির্বাচনি ইশতেহার ঘোষণাকালে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী আব্দুন নুর তালুকদারের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।





