পে স্কেলের গেজেট প্রকাশের দাবীতে বিক্ষোভ কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৪:২৬ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ‘করুণা নয়, পে স্কেল কর্মচারীদের ন্যায্য অধীকার’ দাবী করে সুপারিশকৃত পে স্কেলের গেজেট আজই প্রকাশ না হলে আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ার কথা উল্লেখ করেন বক্তারা। কর্মসূচিতে ঢাকার মহাসমাবেশ সফলের আহ্বান জানানো হয়।
৫ ফেব্রুয়ারী সকাল ১০ টায় উপজেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গনে পরিষদের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিষদের সহসভাপতি রুবেল আহমদ, জীবন কৃষ্ণ রায়, আফতাব আহমদ, সদস্য আব্দুল খালিক, শিক্ষক প্রতিনিধি নূরুল ইসলাম, আসপিয়া সুলতানা, দপ্তরী কাম প্রহরী এসোসিয়েশন সিলেট জেলার সেক্রেটারী ছওয়াব আলী, গ্রাম পুলিশ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ। সভায় উপজেলার সর্বস্তরের কর্মচারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।





