নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১১:১১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ২০২৫-২৬ অর্থবছরে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের আবেদন শুরু হচ্ছে আগামী রোববার (৮ ফেব্রুয়ারি)। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।কারিগরি ও মাদ্রাসা বিভাগ জানায়, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা টেকনোলজি (বিএমটি) ও ডিপ্লোমা) এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬-এর আলোকে ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি ও মাদ্রাসা) এমপিওভুক্ত করার লক্ষ্যে আগামী ৮ ফেব্রুয়ারি হতে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন সরাসরি (হার্ডকপি), ই-মেইল কিংবা পত্রের মাধ্যমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ অথবা এর অধীনস্থ কোন দপ্তরে গ্রহণ করা হবে না। উপরোল্লিখিত Online MPO Application শিরোনামে প্রদর্শিত লিংকের সাথে সংযুক্ত নির্দেশিকা অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। এ পদ্ধতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি/মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তালিকা প্রস্তুত করা হবে। সরকার এতদবিষিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে।
Online MPO Application শিরোনামে প্রদর্শিত লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.tmed.gov.bd), কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dte.gov.bd), মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dme.gov.bd), বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ওয়েবসাইটে (www.banbeis.gov.bd) আবেদন করা যাবে।





