সিলেটে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৩:১৫ অপরাহ্ন
জাতির প্রত্যাশা পূরণে ছাত্রশিবির
অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করছে

স্টাফ রিপোর্টার : জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, শিবিরের কাছে জাতির যে প্রত্যাশা, জুলাই যুদ্ধে তা তারা পূরণ করেছে। নেতৃত্বের ক্ষেত্রে ছাত্রশিবির যে জাতির ভবিষ্যত সেটা দেশের ৫টি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তারা প্রমাণ করেছে। আগামী নির্বাচনে স্বতস্ফুর্ত অংশগ্রহণ করে জাতির প্রত্যাশা পূরণে ছাত্রশিবিরকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। নির্বাচন নিয়ে যে কোন ষড়যন্ত্র মোকাবিলায় প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব ছাত্রশিবিরকে পালন করতে হবে। আমার বিশ্বাস ছাত্রশিবির তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে ১১ দলীয় জোটের প্রার্থীকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।
তিনি শুক্রবার সকালে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর শিবিরের উদ্যোগে শুক্রবার সকাল ১১ টায় নগরীর রেজিস্ট্রারী মাঠ থেকে এক র্যালি বের করা হয়। র্যালিটি বন্দরবাজার পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সিলেট মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় র্যালি পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে এই ৪৯ টি বছর পার করতে গিয়ে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়েছে। আমাদের ২৩৪ জন ভাইকে আমাদের মধ্যে থেকে হারাতে হয়েছে। অসংখ্য ভাইকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। কিন্তু, তবুও আমরা দমে যাইনি। হাঁটি হাঁটি পা পা করে শিবির আজ এইপর্যন্ত এসেছে। আজকে জাতির আকাঙ্ক্ষা, প্রত্যাশা ও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্রসংগঠনে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। অসংখ্যবার ছাত্রশিবিরকে নিঃশ্বেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, অসংখ্যবার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু, ছাত্রশিবির তার স্বকীয়তা বজায় রেখে আজ ২০২৬ সালে পা দিয়েছে। এই বাংলাদেশকে নিয়ে যারা তাঁবেদারি শুরু করেছে, এই বাংলাদেশে যারা আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চান, এই বাংলাদেশে যারা সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে চান, তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্রশিবির এই বাংলাদেশে থাকতে আপনাদের স্বপ্ন পূরণ হবে না, ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এই দেশের ছাত্রজনতাকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে যেই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করা হয়েছিল, সেই স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়ার জন্য আবারো ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের দেশপ্রেমিক মানুষেরা চায় একটি সুষ্ঠু নির্বাচন। যেই নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের রায় নিয়ে নির্বাচিত প্রতিনিধি দেশ শাসন করবে। কিন্তু আমরা দেখছি আবারো পাতানো নির্বাচনের চেষ্টা করা হচ্ছে, ইঞ্জিনিয়ারিং নির্বাচনের চেষ্টা করা হচ্ছে। আমরা এখান থেকে স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আর কোনো ইঞ্জিনিয়ারিং নির্বাচন মানবে না। ছাত্রজনতাকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।
র্যালিতে সিলেট মহানগর ছাত্রশিবিরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।





