দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গঠনে দাড়িপাল্লায় ভোট দিন: জয়নাল আবেদীন
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৫:০৯ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-৪ আসনে ১১দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন বলেছেন, আমি জনগনের শাসক নয়, সেবক হতে চাই। বৃহত্তর জৈন্তায় অফরুন্ত সম্পদ রয়েছে, অথচ স্বাধীনতার আজ ৫৩ বছর পেরিয়ে গেলেও এই জনপদের মানুষ রহস্যজনক কারণে উন্নয়ন বঞ্চিত। ইতোপূর্বে যারা জনগণের কাছে সেবক হয়ে এসেছিল তারা ভক্ষকে পরিণত হয়েছে। তিনি বলেন, আমি এই জনপদে জন্মগ্রহণ করেছি, এই অঞ্চলের মানুষের সেবা করে মরতে চাই। বৃহত্তর জৈন্তার মানুষ অতীতে সকল জাতীয় সংসদ নির্বাচনে বহিরাগত লোকদের এমপি নির্বাচিত করেছেন উল্লেখ করে তিনি বলেন আমি আপনাদের সন্তান। তাই আগামী ১২ তারিখের কঠিন পরীক্ষায় জয়-পরাজয় আমার নয়, এটা হবে বৃহত্তর জৈন্তার আপামর জনতার ফলাফল। সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত ইনসাফভিত্তিক দেশ গঠনে আগামী ১২ ফেব্রুয়ারী দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান।
তিনি রোববার বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলা সদরের ঐতিহাসিক রাজকুমারী ইরাদেবী মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। উপজেলা জামায়াতে আমীর মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাবেক আমীর মাওলানা নাজমুল ইসলাম ও আনোয়ারুল আম্বিয়ার যৌথ পরিচালনায় জনসভায় আরো বক্তব্য রাখেন ডাঃ মোহাম্মদ আব্দুল্লাহ, সাংবাদিক গোলজার আহমদ হেলাল, ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বশির উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল খালিক, সিলেট জেলা ছাত্র মজলিসের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, খেলাফত মজলিস জৈন্তাপুর উপজেলার সেক্রেটারী মাওলানা আজমল হক. বাংলাদেশ খেলাফত মজলিস জৈন্তাপুর উপজেলার সেক্রেটারী মাওলানা আবু বক্কর, জামায়াতে ইসলামী সিলেট জেলা যুব বিভাগের সভাপতি নাজমুল হাসান সিকদার, জৈন্তাপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম, সমন্বয়ক প্রনব দাস, মুরব্বী সিরাজুল ইসলাম, আফরোজ হাসান খালিক, জমির উদ্দিন, মোস্তফা কামাল চৌধুরী, আব্দুন নূর মেম্বার, মাহমুদ আলী মেম্বার ও আমিনুল হক প্রমুখ।





