৬ষ্ঠ কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণপদক প্রদান
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০১:২৩ অপরাহ্ন

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, কেমুসাস সুস্থধারার সাহিত্য-সংস্কৃতির বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এই আদর্শিক লক্ষ্যকে বাঁচিয়ে রাখতে সবাইকে কাজ করতে হবে। গবেষক কলিম উল্লাহ সেই কাজটি করতে এগিয়ে এসেছেন। কেমুসাসের আদর্শের সাথে তাঁর ব্যক্তিচিন্তার সম্পৃক্ততা রয়েছে। তিনি যে গবেষণাকর্মগুলো উপহার দিয়েছেন, সেগুলো আমাদের জাতিসত্তার উপাদান হতে পারে। জাতিসত্তার স্বাতন্ত্র্য নির্মাণে আমাদের চিন্তাভাবনাকে প্রসারিত করা উচিত। দেওয়ান আহবাব স্বর্ণপদক সেটা এগিয়ে নিতে পারে।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট-এর উদ্যোগে গবেষক মোহাম্মদ কলিম উল্লাহকে ৬ষ্ঠ কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার সন্ধ্যায় সংসদের সাহিত্য আসরকক্ষে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংসদের মুখপত্র আল ইসলাহ-এর সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. কামাল আহমদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সংসদের সহ সভাপতি সৈয়দ মুহিবুর রহমান, রুহুল ফারুক, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, বর্তমান সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল মুকিত অপি, সহ পাঠাগার সম্পাদক ইশরাক জাহান জেলী, কার্যকরী পরিষদের সদস্য অ্যাডভোকেট কামাল তৈয়ব, কেমুসাস মতিন-উদ-দীন আহমদ জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, কেমুসাসের পৃষ্ঠপোষক সদস্য গবেষক তাবেদার রসুল বকুল, দক্ষিণ সুরমা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আতাউর রহমান, কবি মুহিত চৌধুরী, দৈনিক সিলেটের ডাকের সাবেক ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক এবং অনুভূতি ব্যক্ত করেন ৬ষ্ঠ কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণপদকপ্রাপ্ত গবেষক কলিম উল্লাহ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল এবং পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংসদের জীবন সদস্য ক্বারী আব্দুল বাছিত। অনুষ্ঠানে গবেষক কলিম উল্লাহকে স্বর্ণপদক এবং সম্মাননাপত্র তুলে দেন সংসদের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খানসহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি





