চৌকিদেখীতে ভারতীয় মদসহ অটোরিকশা জব্দ
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৩:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর চৌকিদেখী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ একটি সিএনজি অটোরিক্সা জব্দ করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১১ টার দিকে এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখী এলাকায় ‘আমানা’ নামীয় দোকানের সামনে চেকপোস্ট চলাকালে একটি সিএনজি অটোরিকশা (রেজি. নং সিলেট থ-১১-৭০৪২) থামার সংকেত দিলে চালক ও তার সহযোগীরা গাড়িটি রেখে দ্রুত পালিয়ে যায়। এরপর সেই অটোরিকশায় তল্লাশী চালিয়ে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
রোববার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, চৌকিদেখী থেকে একটি সিএনজি অটোরিকশা আটক করে তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসময় সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়। এঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





