জকিগঞ্জে ছাত্রদল নেতাকে বহিষ্কার
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৪:৪৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জকিগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুল ইসলাম চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তার বিরুদ্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। একারণে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।
এই বহিষ্কারাদেশে অনুমোদন দেন সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।





