র্যাবের অভিযানে গুলিসহ ৫টি এয়ারগান উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০১:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : র্যাব-৯ এর পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে গুলিসহ মোট ৫টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন মোগড়া ইউনিয়নের নোনাসার এলাকার একটি পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি এয়ারগান উদ্ধার করা হয়।
অপরদিকে একই রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন দেওয়ানহাট ইউনিয়নের বলিয়ারী গ্রামে একটি ইটভাটার পাশে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ৩টি এয়ারগান এবং একটি কৌটার ভেতর থেকে ৫১ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, উদ্ধারকৃত এয়ারগান ও গুলির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে র্যাব-৯ এর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।





