ফের ভূমিকম্পে কাঁপলো সিলেট
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০২:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ১০ দিনের মাথায় ফের ভূমিকম্পে কাপঁলো সিলেট। নির্বাচনী উত্তাপের মাঝে সিলেটে ৪ দশমিক ০ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটে এ ভূমিকম্পটি অনুভুত হয়।
ভূমিকম্প বিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) ও ভূমিকম্প অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি ঘটে।
ভূমিকম্পের পরপরই সিলেট নগরীর কিছু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার আশঙ্কায় অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে সিলেটজুড়ে বর্তমানে নির্বাচনী উত্তাপ বিরাজ করছে। বৃহস্পতিবার ভোটগ্রহণ। উৎসবমুখর ও উত্তেজনাপূর্ণ এই সময়ে ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো নগরী।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট এলাকা, যা ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে প্রায় ২১৪ কিলোমিটার দূরে অবস্থিত।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ডাউকি ফল্ট এলাকায়, যা ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। তবে ভূমিকম্পের মাত্রা ও স্থায়িত্ব কম হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
উল্লেখ্য, এর আগে গত ১ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ৩ দশমিক ০ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল।




