টাংগুয়ায় মাটি কর্তনের অভিযোগে জরিমান
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৮:৫১ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাদার ফিসারিজ খ্যাত টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাটি কর্তনের অভিযোগে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ১৬ নম্বর পিআইসি সভাপতি জাহাঙ্গীর আলমকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন হিজল করচবাগ এলাকায় এই অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানকালে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ১৬ নম্বর পিআইসি সভাপতি জাহাঙ্গীর আলম ফসল রক্ষা বাঁধের নাম ব্যবহার করে হিজল করচবাগ এলাকা থেকে মাটি কর্তনের বিষয়টি স্বীকার করেন। এ অপরাধে সংশ্লিষ্ট আইনের ধারায় তাকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধভাবে কর্তনকৃত মাটি নির্ধারিত ও সঠিক স্থানে পুনঃস্থাপনের নির্দেশ দেওয়া হয়। অভিযানে পানি উন্নয়ন বোর্ডের একজন প্রতিনিধি ও তাহিরপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু জানান, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





