বড়লেখায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৯:১৬ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার কোনো ধরণের বিক্ষিপ্ত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল সাড়ে ৪ টায় শেষ হয়। মৌলভীবাজার-১ আসনের বড়লেখা উপজেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ৬৯টি ও ভোটার সংখ্যা ২ লাখ ৯ হাজার ৫৯০ জন। ভোট সংগ্রহের হার ৫৭.৫১।
সরেজমিনে বড়লেখা উপজেলার চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঠালতলী উচ্চ বিদ্যালয়, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ, গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিছরাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়-সহ বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে উৎসব আমেজে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সকালের দিকে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষনীয়।
এদিকে, সহকারি রিটার্নিং অফিসার ও বড়লেখা ইউএনও’র কার্যালয় ও নির্বাচন মনিটরিং কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, মৗলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বড়লেখা উপজেলার ৬৯টি ভোট কেন্দ্রের কাস্টিং ভোটের হার ৫৭.৫১ পার্সেন্ট। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯ হাজার ৫৯০ জন। এরমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লাখ ২০ হাজার ৫৩৮ জন ভোটার।




