প্রাণহানি ছাড়াই দেশের প্রথম ভোট
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫০:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : প্রাণহানি ছাড়াই দেশের প্রথম ভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো প্রাণহানি সংঘর্ষ ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দেশের কিছু কেন্দ্রে ছোটখাটো সহিংসতার ঘটনা ঘটলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে ৯ ঘণ্টা ধরে ভোটগ্রহণ চলে। বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথমবার যখন নির্বাচন-সংক্রান্ত সংঘর্ষের পরও কোনো হতাহতের খবর ছাড়াই জাতীয় নির্বাচন সম্পন্ন হলো। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ইসি সচিব জানিয়েছেন, দেশের কোনো প্রান্তে ভোটগ্রহণ স্থগিত করার পরিস্থিতি তৈরি হয়নি এবং কোনো কেন্দ্রেই ভোট স্থগিত হয়নি।





