সিলেটে বিএনপির প্রাধান্য, দেশে সেরা ফল জামায়াতের
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫:৫৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহন। এরপর শুরু হয় ফলের জন্য অপেক্ষা..।
নির্বাচনে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন এলাকায় কেন্দ্রগুলোয় বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি দেখা গেছে। দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে ভোটারদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। প্রথমবারের মতো ভোটদানে সুযোগ পাওয়া তরুণদের মধ্যেও ছিল উল্লাস। অনেকে সপরিবারে ভোট দিতে আসেন। ভোটারদের অনেকে জানিয়েছেন, ২০০৮ সালের পর এবারই তারা ভোটকেন্দ্রে এসেছেন।
বিএনপি ও জামায়াত-এই দুই জোটের মধ্যেই ছিলো এবারের নির্বাচনের লড়াই। তফসিল ঘোষণার পর ভোটের দিন পর্যন্ত নির্বাচনী উত্তাপ ছিলো চোখে পড়ার মতো। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাল ভোট দিলেন দেশের ভোটারেরা।
একই সঙ্গে ভোটারেরা গণভোটের মাধ্যমে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ‘হ্যাঁ’-‘না’ ভোট দিয়ে নিজেদের মত জানালেন। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে তা হবে সংবিধানের মৌলিক সংস্কার বাস্তবায়নের সূচনা।
ভোট দিয়ে নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে উল্লেখ করেন জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। অন্যদিকে, জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও।
তবে তাদের এ আশাবাদ দিনের শেষে ভিন্ন চিত্র দেখা যায়। কোথাও দেখা যায় বিএনপি এগিয়ে, কোথাও জামায়াত। তবে সিলেটের ১৯টি আসনে বিএনপিই প্রাধান্য বিস্তার করে। আর ইতিহাসের সেরা ফল পেয়েছে জামায়াত।
১৯টি সংসদীয় আসনের ১৮টিতে এগিয়ে রয়েছে বিএনপির প্রার্থীরা। আর ৩টি আসনে এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী জোটের প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এসব প্রার্থীরা এগিয়ে ছিলেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিলেট-১ আসনে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ আসনে তাহসিনা রুশদির লুনা, সিলেট-৩ আসনে এম এ মালিক, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী, সিলেট-৫ আসনে এমরান আহমদ চৌধুরী, মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দিন আহমেদ মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনে হাজি মুজিব, হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে আবু মনসুর সাখাওয়াত হাসান, হবিগঞ্জ-৩ আসনে জিকে গৌছ, হবিগঞ্জ-৪ আসনে এসএম ফয়সাল, সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান, সুনামগঞ্জ-২ আসনে নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে এম কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে নূরুল ইসলাম, সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন আহমদ মিলন। অপরদিকে জামায়াত জোটের প্রার্থী সিলেট-৫ আসনে মুফতি আবুল হাসান এগিয়ে রয়েছেন।
ওদিকে, আনুষ্ঠানিক ঘোষণার আগে সুনামগঞ্জ-২ এর জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট মোহাম্মদ শিশির মনির তার ফেসবুকে নাছির চৌধুরীকে অভিনন্দন জানিয়ে লিখেন ‘আমার আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনকে ফুলের শুভেচ্ছা’।
এদিকে, রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সারাদেশের সঠিক তথ্য জানা যায়নি। তবে বগুড়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও ঢাকায় জামায়াত আমীর বিজয়ের পথে বলে জানা গেছে। এছাড়া আরো অনেকের জয়ের তথ্যও গণমাধ্যমে দেখা যায়। তবে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।
ওদিকে, গণভোটের হ্যাঁ জয়যুক্ত হয়েছে বলেও প্রাপ্ত তথ্যে জানা গেছে। এছাড়া পোস্টাল ব্যালটে মোট ভোট পড়েছে ৮০ দশমিক ১১ শতাংশ। এর মধ্যে বৈধ ভোটের হার ৭০ দশমিক ২৫ শতাংশ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সর্বমোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিলেও এবারের নির্বাচনি মাঠের প্রধান দুই শক্তি বিএনপি ও জামায়াতে ইসলামী। ইসির তথ্যমতে, ৯ লাখের বেশি নিরাপত্তা সদস্য এবং আট লাখ নির্বাচনি কর্মকর্তা এবারের বিশাল কর্মযজ্ঞ পরিচালনায় অংশ নেন। এ ছাড়া ৩৫ হাজার দেশীয় ও সাড়ে ৩০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে রয়েছেন।




