বিজয়ী প্রার্থীর বাসায় ফুল নিয়ে গেলেন শিশির মনির
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৪:৩৩ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আলোচিত প্রার্থী ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি ধানের শীষের প্রার্থী নাছির চৌধুরীর কাছে হেরে বৃহস্পতিবার রাতেই ফেসবুকে লাল গোলাপ শুভেচ্ছা জানান। শুক্রবার দুপুরে ফেইসবুকে শুভেচ্ছা সীমাবদ্ধ না রেখে তিনি ফুল নিয়ে যান নাছির চৌধুরীর বাসায়।
দিরাই শাল্লার প্রধান নির্বাচনি এজেন্ট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি রেজাউল ইসলাম বলেন, নির্বাচনে হারজিত থাকবেই। রাজনীতি হিংসার নয়, রাজনীতি হবে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালবাসার। শিশির মনির কথা দিয়েছিলেন হেরে গেলে বিজয়ী প্রার্থীর বাসায় ফুল নিয়ে যাবেন। তিনি কথা রেখেছেন। শিশির মনির শুধু দিরাই শাল্লার নয় গোটা দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চান। তার এ চেষ্টা অব্যাহত থাকবে।
শিশির মনির বলেন, নির্বাচনে হারজিত থাকবেই। আমি হতাশ নই। যারা আমাকে মেধা, শ্রম ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি বলেছিলাম হেরে গেলে জয়ী প্রার্থীর বাসায় ফুল নিয়ে যাবো। আমি আজ ফুল নিয়ে এসেছি। তিনি আরও বলেন, ৬৩ হাজার ভোট পেয়েছি। আপনাদের ভালবাসার কাছে আমি কৃতজ্ঞ। আমি জাতীয়ভাবে ও স্থানীয়ভাবে দিরাই শাল্লাবাসীর জন্য আওয়াজ তুলবো। মাতৃজটরে জমজ শিশুর মত আপনাদের আঁকড়ে ধরে থাকবো। সরকারিভাবে না হলেও বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে হাওরের উন্নয়নে ভুমিকা রাখবো। আমি চাই নতুন রাজনীতির বন্দোবস্ত। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে সম্প্রতি চালু করতে হবে। আমি সেইটাই করবো।





