জগন্নাথপুরে দুই দফা সংঘর্ষে আহত ৫
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫১:২৫ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই দফা সংঘর্ষ ও হামলার ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, ফুটবল খেলা নিয়ে বিরোধ ছিল জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের রাজন মিয়া ও কাদিপুর গ্রামের জয়নাল মিয়ার মধ্যে। এ ঘটনার জের ধরে গত ২৪ জানুয়ারি জগদীশপুর দাখিল মাদ্রাসায় জলসা চলাকালীন সময়ে মেলার মাঠে রাজন মিয়ার লোকজনের হামলায় কাদিপুর গ্রামের জয়নাল মিয়া, ইন্তাজুল মিয়া, রাহুল মিয়া ও জুনেদ মিয়া আহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও কোন নিস্পত্তি হয়নি।
পরে ৯ ফেব্রুয়ারি রাতে কাদিপুর ব্রিজ এলাকায় হামলার শিকার হন রাজন মিয়া। তার অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ ব্যাপারে জগদীশপুর দাখিল মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা সিদ্দিকুর রহমান তালুকদার জানান, আমি কোন সংঘর্ষের সাথে জড়িত নই। তবুও শুনেছি আমাকে হয়রানী করার চেষ্টা চলছে। যা কোন অবস্থায় কাম্য নয়।





