সিলেট-১ আসনে বাম দলের ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৬:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর-সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৮ জন প্রার্থীর মধ্যে বাম দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩ জন। তারা হলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আনোয়ার হোসেন সুমন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রণবজ্যোতি পাল ও বাসদ (মার্কসবাদী)-এর সঞ্জয় কান্তি দাস। তবে ভোটের হিসেবে ৩ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ভোটের হিসেব অনুযায়ী, বাম দলের তিন প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রণবজ্যোতি পাল। মই প্রতীকে তিনি পেয়েছেন ১১৩৪ ভোট। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আনোয়ার হোসেন সুমন কাস্তে প্রতীকে পেয়েছেন ৯০৮ ভোট। আর বাসদ (মার্কসবাদী)-এর সঞ্জয় কান্তি দাস কাঁচি প্রতীকে পেয়েছেন ৮০১ ভোট।
গত বছরের শেষের দিকে ‘গণতন্ত্র কায়েম, ভোটাধিকার নিশ্চিত ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার’ লক্ষ্যে নিয়ে সব বামদলগুলো মিলে গঠিত হয় ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’। দেশের বিভিন্ন স্থানে এই যুক্তফ্রন্ট থেকে একক প্রার্থী দেওয়া হলেও ব্যতিক্রম সিলেটে। সিলেট-১ আসনে বামদলগুলো থেকে তিনজন প্রার্থী হন।




