বিজয়ীদের গেজেট কবে? শপথ পড়াবেন কে?
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪০:৩৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের ফলাফলের গেজেট কবে প্রকাশ করা হবে? তাদের শপথ পড়াবেন কে? নির্বাচনের ফল ঘোষণার পর এই আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন বলছে, যত দ্রুত সম্ভব ২৯৭ আসনে বিজয়ীদের ফলাফল গেজেট আকারে প্রকাশের ব্যবস্থা নেবে ইসি সচিবালয়। একসঙ্গে সবার নাম, ঠিকানাসহ গেজেট প্রকাশ করা হবে।নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল বলেন, আজকের মধ্যে ২৯৭ জনের গেজেট প্রকাশ করা হতে পারে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের কাছে পাঠাবে ইসি সচিবালয়।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে স্পিকার হিসেবে দায়িত্ব নেন শিরীন শারমিন চৌধুরী। তিনি মামলার আসামি হয়ে বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তার সঙ্গে ডেপুটি স্পিকারের দায়িত্ব নেন শামসুল হক টুকু। তিনি এখন মামলার আসামি হয়ে কারাগারে রয়েছেন। ফলে, নতুন সংসদ সদস্যদের কে শপথ পড়াবেন, তা নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে।
যদিও তিন দিন পরে সংবিধান অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিতদের শপথ পাঠ করাতে পারেন। নির্বাচন কমিশনার মাছউদ বলেন, ১৪৮ এর ৩ ধারায় বলা হয়েছে, স্পিকার অথবা ডেপুটি স্পিকার যদি না পড়ান, বা তারা পড়াতে অসমর্থ হন বা না থাকেন, তাহলে তিন দিন পরেও চতুর্থ দিন থেকে পরবর্তী দিন প্রধান নির্বাচন কমিশনারই শপথ পাঠ করাবেন।
তিনি বলেন, সামনে রোজা থাকায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। ইসির কাজ গেজেট প্রকাশ করা। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। দ্রুত শপথ করে রমজানের আগেই চাইলে সরকার গঠন করতে পারে।




