সুনামগঞ্জ-৫ আসনে জামানত হারালেন দলীয় ৩ প্রার্থী
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৭:০২ অপরাহ্ন

ছাতক সংবাদদাতা : ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারালেন দলীয় ৩ জন প্রার্থী। এর মধ্যে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুল কাদির (দেয়াল ঘড়ি) প্রতীকে নির্বাচনে অংশ গ্রহন করে ২ হাজার ২৪৬ ভোট পেয়েছেন। এ আসনটিতে জাতীয় পার্টির (লাঙ্গল) প্রতীকের প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম পেয়েছেন ১ হাজার ৪৯২ ভোট। একই ভাবে বাংলাদেশ পিপলস পার্টি (এনপিপি) সংসদ সদস্য প্রার্থী মো. আজিজুল হক (আম) প্রতীকে নির্বাচনে অংশ গ্রহন করে ৪২৩ ভোট পেয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সুনামগঞ্জ-৫ আসনে দুটি উপজেলায় ২২ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা হল ৫ লাখ ২৭ হাজার ৪৫৮ জন। বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৫ হাজার ৬৪৩ জন। বাতিলকৃত ভোট ৫৪০৮টি। শতকরা ভোট পড়েছে ৪৯ দশমিক ৭০ ভাগ। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, কোনো প্রার্থীর জামানত রক্ষার জন্য মোট বৈধ ভোটের অন্তত আট ভাগের এক ভাগ বা ১২.৫ শতাংশ ভোট পাওয়া প্রয়োজন। এই আসনে সেই হিসেবে অনুযায়ী জামানত রক্ষায় অন্তত ২৫ হাজার ১২৩টি ভোট পাওয়ার প্রয়োজন ছিল।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বড় দুটি দলগুলোর প্রার্থী প্রভাব এবং পরিচিতি থাকায় এবং শেষ মুহূর্তে ছোট দলের হয়ে ভোটের মাঠে ওই তিন প্রার্থী তেমন প্রভাব বিস্তার করতে পারেননি। যার প্রতিফলন ঘটেছে মোট ভোটের প্রাপ্ত ফলাফলে। আসনটিতে শক্তিশালী প্রার্থী হিসেবে মাঠে ছিলেন বিএনপি’র সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। তিনি (ধানের শীষ) প্রতীকে ১ লাখ ৫০ হাজার ৮২২ ভোটে নির্বাচিত হয়েছেন। এ আসনে গত তিন বারের সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী (দাড়িপাল্লা) প্রতীকে ৯৯ হাজার ৬৭২ ভোট পেয়েছেন।





