কুলাউড়ার প্রতি ইঞ্চি মাটি আমার রক্তে মিশে আছে: সায়েদ আলী
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৪:৫৫ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: নির্বাচন পরবর্তী সার্বিক পরিস্থিতি মূল্যায়ন এবং আগামী দিনের সাংগঠনিক দিকনির্দেশনা নির্ধারণে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলা জামায়াতের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত বিজিত প্রার্থী ও জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন। তিনি বলেন, আমি এই কুলাউড়ারই সন্তান। কুলাউড়ার প্রতি ইঞ্চি মাটি আমার রক্তের সঙ্গে মিশে আছে। নির্বাচনকালীন সময়ে যারা শ্রম-ঘাম, অর্থ ও মেধা দিয়ে পাশে ছিলেন আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তিনি প্রবাসী, মা-বোন ও সর্বস্তরের নাগরিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই কুলাউড়ার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।
উপজেলা জামায়াতের নায়েবে আমির ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. জাকির হোসেনের সঞ্চালনায় বৈঠকে উপজেলা জামায়াতের সাবেক আমির খন্দকার আব্দুস সোবহান, আব্দুল হামিদ খান, সেক্রেটারি বেলাল আহমেদ চৌধুরী, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, ব্রাহ্মণবাজার ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলাউদ্দিন আহমেদ, উপজেলা কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম খান, শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





