বিয়ানীবাজারে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৮:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের লামা পাতন গ্রামে বদর উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তাকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি এ পথ বেছে নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ওসি আশরাফ উজ্জামান বলেন, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





