তারেক রহমান, ডা: শফিক ও নাহিদকে প্রধান উপদেষ্টার ফোন
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৭:৩৭ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করে তোলায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশের পর শনিবার পৃথক টেলিফোন আলাপে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর পরিমিতি, সংযম ও দায়িত্বশীল আচরণের ফলে নির্বাচন ঘিরে সারা দেশে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রথমে প্রধান উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলাপ করেন এবং তাঁর দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের জন্য অভিনন্দন জানান। পরে ডা: শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে সাফল্যের জন্য এবং নির্বাচন-পরবর্তী দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলো একইভাবে সহযোগিতাপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে। দেশের জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। এর আগে পৃথক বার্তায় এই তিনজনকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা।




