৩০ আসনে ভোট পুনঃগণনার দাবি জামায়াতের
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৮:০৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০টি আসনের ভোট পুনঃগণনার জন্য নির্বাচন কমিশনকে দাবি জানিয়েছি জামায়াতে ইসলামী। এই বিষয়ে দলটি আইনি ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে।
শনিবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, ৩০টি আসনে যেখানে ৫ থেকে ১০ হাজার ভোট নিয়ে সমস্যা হয়েছে। স্থানীয় রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে ভোটের দিনই। আমরা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি।
এই ৩০টি আসনে শপথ না পড়ানোর আহ্বান জানান তিনি।
আসনগুলো হলো— পঞ্চগ-১, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৩, দিনাজপুর-৫, লালমনিরহাট-১, লালমনিরহাট-২, গাইবান্ধা-৪, বগুড়া-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৩, খুলনা-৩, খুলনা-৫, বরগুনা-১, বরগুনা-২, ঝালকাঠি-১, পিরোজপুর-২, ময়মনসিংহ-১, ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ-৩, ঢাকা-৬, ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, গোপালগঞ্জ-২, চাঁদপুর-৪, কক্সবাজার-৪, চট্টগ্রাম-১৪।




