বড়লেখায় জামায়াতের নির্বাচনোত্তর কর্মীসমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৫:৫৫ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর কর্মীসমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। মৌলভীবাজার-১ আসনে জামায়াতপ্রার্থী বিজয়ী না হলেও অভাবনীয় ভোটবৃদ্ধিতে এক অন্যরকম উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দলটির প্রার্থী, নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। কর্মী সমাবেশ ঘিরে জমে ওঠে উৎসবমুখর পরিবেশ।
শনিবার রাতে বড়লেখা পৌরশহরস্থ জেলা পরিষদ অডিটরিয়াম অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জামায়াতে ইসলামীর প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, এ অঞ্চলের মানুষ নির্বাচনে যে ভালোবাসা ও আস্থা দেখিয়েছেন, সেটিই তাদের সবচেয়ে বড় শক্তি। তা ধরে রাখতে হলে এখনই সংগঠিতভাবে মাঠে কাজ শুরু করতে হবে। নেতাকর্মীর উদ্দেশে তিনি আহ্বান জানান- আর ঘরে বসে থাকার সময় নয়; ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে, মানুষের খোঁজখবর নিতে হবে, তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে হবে।
মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম আরো বলেন, এবারের নির্বাচনে জাতীয় পর্যায়ে দল যে সাড়া পেয়েছে, তা নিছক একটি ফলাফল নয়-এটি একটি রাজনৈতিক মাইলফলক। সারা দেশের প্রায় ৪৩ শতাংশ মানুষের সমর্থন অর্জন করা মানে জনগণের এক বিশাল অংশের আস্থা লাভ করা।
কর্মীসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসলাম উদ্দিন, সাবেক আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, নায়েবে আমীর ফয়সল আহমদ, জামায়াত নেতা আব্দুল বাছিত প্রমুখ।
সমাবেশে জামায়াত নেতারা বলেন, জামায়াতে ইসলামী নানা প্রতিকুলতা ও ফ্যাসিষ্ট শেখ হাসিনার মামলা-হামলা এবং নির্যাতনের স্মৃতি বুকে নিয়েই নির্বাচনী মাঠে নেমেছিল। সেই বাস্তবতায় কয়েক বছরের ব্যবধানে এ আসনে প্রায় ৭০ হাজার ভোট বৃদ্ধি কেবল একটি পরিসংখ্যান নয়-এটি তাদের জন্য মনোবলের পুনর্জাগরণ, সাংগঠনিক শক্তির নতুন বার্তা এবং ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত।





