সিলেটে ভোট পড়েছে ৪৮.৫৯ শতাংশ
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩০:৩২ অপরাহ্ন
বিএনপি ৫৬, জামায়াত ৩৬ শতাংশ

স্টাফ রিপোর্টার : সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ৬টি আসনে মোট ভোট পড়েছে ১৩ লখ ৪৫ হাজার ৮৪১টি। এরমধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থীরা পেয়েছেন ৭ লাখ ৭৭ হাজার ৩৭৯ ভোট। যা মোট ভোটের ৫৬ দশমিক শূন্য ৯ শতাংশ। আর জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীর পেয়েছেন ৫ লাখ ১ হাজার ৬০৭ ভোট। যা মোট ভোটের ৩৬ শতাংশ। অন্যান্য প্রার্থীরা মিলে ভোট পেয়েছেন মাত্র ৭ দশমিক ৭১ শতাংশ।
সিলেটের ৬টি আসনে গড়ে ভোট পড়েছে ৪৮ দশমিক ৫৯ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে সিলেট- ৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে ৫২ দশমিক ৭৫ শতাংশ আর সবচেয়ে কম ভোট পড়েছে সিলেট- ২ আসনে ৪৪ দশমিক ৫৯ শতাংশ। এছাড়া সিলেট-১ আসনে ভোটের হার ৪৭ দশমিক ৮১, সিলেট-৩ আসনে ৪৯ দশমিক ২০, সিলেট-৫ আসনে ৪৯ দশমিক ৩৩ ও সিলেট-৬ আসনে ৪৭ দশমিক ৮৭ শতাংশ।
সিলেট-১ (মহানগর-সদর) আসনে মোট বৈধ ভোট ৩ লাখ ১৮ হাজার ১৬টি। এরমধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট, যা মোট বৈধ ভোটের ৫৫ দশমিক ৬৪ শতাংশ। এ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট। যা মোট ভোটের ৪২ দশমিক ৪৫ শতাংশ। অন্যান্য সব প্রার্থী মিলেটে পেয়েছেন মাত্র ১ দশমিক ৫৯ শতাংশ ভোট।
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৬০ হাজার ৫৬টি। এরমধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮৫৬ ভোট। যা মোট ভোটের ৭৩ দশমিক ৭০ শতাংশ। এ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী খেলাফত মজলিসের মুনতাসির আলী ২৪ দশমিক ১৪ শতাংশ হারে মোট ভোট পেয়েছেন ৩৮ হাজার ৬৩৫টি। অন্যান্য সব প্রার্থী পেয়েছেন ১২ দশমিক ১৬ শতাংশ ভোট।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে ৪৯ দশমিক ২০ শতাংশ হারে মোট ভোট পড়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৪১টি। এরমধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপির এমএ মালিক পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৯৫০ ভোট। যা মোট ভোটের ৫৭ দশমিক ৮৩ শতাংশ। এ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা মুসলেহ উদ্দীন রাজু রিকশা প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৬৭৪ ভোট। যা মোট ভোটের ৩৭ দশমিক ৯১ শতাংশ। এ আসনে অন্যান্য প্রার্থীরা পেয়েছেন মাত্র ৪ দশমিক ২৬ শতাংশ ভোট।
সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট- কোম্পানীগঞ্জ) আসনে ৫২ দশমিক ৭৫ শতাংশ হারে মোট ভোট পড়েছে ২ লাখ ৬৩ হাজার ৪৮৮টি। এরমধ্যে বিএনপির ধানের শীষ প্রতীকে আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট। যা মোট ভোটের ৭০ দশমিক ৯১ শতাংশ। আর জামায়াদের দাঁড়িপাল্লা প্রতীকে জয়নাল আবেদীন ভোট পেয়েছেন ৭১ হাজার ৩৯১টি। যা মোট ভোটের ২৭ দশমিক ৯ শতাংশ। এ আসনে অন্যান্য সব প্রার্থী মিলে পেয়েছেন মাত্র ১ দশমিক ৭৯ শতাংশ।
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ৪৯ দশমিক ৩৩ শতাংশ হারে মোট ভোট পড়েছে ২ লাখ ৬ হাজার ৭৫২টি। এরমধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোটের জমিয়তের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক খেজুর গাছ প্রতীকে মোট ভোট য়েছেন ৬৯ হাজার ৭৭৪টি। যা মোট ভোটের ৩৩ দশমিক ৭৫ শতাংশ। এ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৩৫৫ ভোট, যা মোট ভোটের ৩৮.৩৮ শতাংশ। আর ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী চাকসু মামুন পেয়েছেন ২৭ দশমিক ৬৯ শতাংশ ভোট। অন্যান্যরা পেয়েছেন মাত্র শূন্য দশমিক ১৮ শতাংশ ভোট।
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ৪৯ দশমিক ৩৩ শতাংশ হারে মোট ভোট পড়েছে ২ লাখ ৩৭ হাজার ৮৮৮টি। এরমধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপির অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৯১৭ ভোট। যা মোট ভোটের ৪৬ দশমিক ২১ শতাংশ। আর দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী মো. সেলিম উদ্দিন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৪৬৯ ভোট। যা মোট ভোটের ৪২ দশমিক ৪৬ শতাংশ। এছাড়া অন্যান্য প্রার্থীরা পেয়েছেন ১১ দশমিক ৩৩ শতাংশ ভোট।





